হিজলায় তরুণীকে ধর্ষণের পর হত্যা : দুই আসামির মৃত্যুদণ্ড
হিজলায় তরুণীকে ধর্ষণের পর হত্যা : দুই আসামির মৃত্যুদণ্ড
মোঃ হাবিবুল্লাহ বেপারী বরিশাল (হিজলা) প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুমের ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেচুর রহমান বাচ্চু জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কবীর আকন ও জব্বার বেপারী।
তারা হিজলা উপজেলার পূর্বকোড়ালিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার বিবরণ এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ জুলাই সকালে পূর্বকোড়ালিয়া গ্রামের আব্দুল হক বেপারীর মেয়ে খাদিজা আক্তার (১৮) চাচার বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে আসামিরা তাকে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
পরে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে খালের পানিতে ফেলে রাখা হয়। পরদিন (২৯ জুলাই) বিকেলে স্থানীয় শিলনিয়া খাল থেকে খাদিজার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মামা মোক্তার হোসেন রাড়ী বাদী হয়ে হিজলা থানায় মামলা দায়ের করেন। তদন্ত ও রায় পুলিশি তদন্তে আসামি কবীর আকন ও জব্বার বেপারীর সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয় এবং চার্জশিট দাখিল করা হয়।
১৮ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে দীর্ঘ ১২ বছর পর আদালত আলোচিত এ মামলার রায় ঘোষণা করলেন।